{{ news.section.title }}
সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪
সিলেটে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জনে।
বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
মৃত শিশুটি সুনামগঞ্জ জেলার শাড়িগঞ্জ এলাকার বকলাকারা গ্রামের বাসিন্দা মুসাহিদ আলীর ৯ মাস বয়সী মেয়ে তুবা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৩৮৬ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ২১৯ জন, সিলেটে ১১৭ জন, হবিগঞ্জে ৩৪ জন (এর মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৫ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ছয়জন, মাউন্ট এডোরা হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে নয়জন, পার্কভিউ মেডিকেল হাসপাতালে দুজন, উইমেন্স মেডিকেল হাসপাতালে একজন, লায়ন্স হাসপাতালে পাঁচজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হামে ৭৯ জন এবং ল্যাব-নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে। ফলে বিভাগে হাম ও হাম-সম্পর্কিত জটিলতায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৩ জনে পৌঁছেছে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৩০ জন, সুনামগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ছয়জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ করলে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দাগ, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।