কুমিল্লা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশান, কুমিল্লা সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী সীমান্ত এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া বেগম জগন্নাথদিঘি এলাকার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

 

এলাকাবাসী জানান, রাতের দিকে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন আদর্শগ্রাম এলাকার নো-ম্যান্স ল্যান্ডে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি স্থানীয়রা বিজিবি ও পুলিশকে জানায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

বিজিবির জগন্নাথদিঘী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোরশেদ জানান, ১৪১৩ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম থানাকে অবহিত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রোকেয়া বেগমের পরিচয় নিশ্চিত করা গেলেও তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো কারণে ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
 


সম্পর্কিত নিউজ