ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় এক বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) এ ট্যুরিস্ট ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আর সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।

ভিসা আবেদন গ্রহণের প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

 

এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। তাঁর ঘোষণার কয়েক দিনের মধ্যেই আবেদন কার্যক্রম শুরু হলো।

 

গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত করেছিল ভারত। এর ফলে পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সাধারণ ভ্রমণকারীরা ভারতে যেতে পারেননি।

 

তবে ওই সময় জরুরি প্রয়োজন বিবেচনায় সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা ইস্যু অব্যাহত রাখা হয়। কিন্তু পর্যটন ভিসা চালু না থাকায় চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যবসা ছাড়া সাধারণ ভ্রমণের সুযোগ ছিল না।

 

সম্প্রতি ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরের আইভ্যাক কেন্দ্রেও এই সেবা চালু করা হবে। ফলে বাংলাদেশি পর্যটক, পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ কিংবা অবকাশযাপনের উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করতে আগ্রহীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল।


সম্পর্কিত নিউজ