স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ছবির ক্যাপশান, স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় স্বামীকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ।

রোববার (২৮ জুন) বিকেলে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ জমা দেন।

 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুন দিবাগত রাতে উপজেলার বিনাই গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ওই রাতে ২০ বছর বয়সী এক গৃহবধূ তার সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্য সদস্যরাও নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন।

 

অভিযোগ অনুযায়ী, একই গ্রামের বাসিন্দা রুবেল হোসেন গভীর রাতে কৌশলে বাড়ির প্রাচীর টপকে ঘরের ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি ঘুমন্ত গৃহবধূকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

 

ভুক্তভোগী গৃহবধূর দাবি, অভিযুক্ত ব্যক্তি তাকে জানান যে, সন্ধ্যার দিকে দোকানে বসে তার স্বামীকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। ফলে কয়েক ঘণ্টার আগে তিনি জেগে উঠবেন না। এরপর অভিযুক্ত তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য চাপ দেন।

 

গৃহবধূ অভিযোগ করেন, তিনি বাধা দিলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

 

ঘটনার একপর্যায়ে ঘরের ভেতরে থাকা শিশুর কান্নার শব্দে তার স্বামীর ঘুম ভেঙে যায়। তিনি ঘরের ভেতর থেকে স্ত্রীকে ডাকতে থাকেন এবং বাড়িতে কে এসেছে জানতে চান। তখন অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পরদিন স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি পরপর দুই দিন সালিশে উপস্থিত হননি।

 

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে গ্রাম্য পর্যায়ে আলোচনা ও সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অভিযুক্ত ব্যক্তি উপস্থিত না হওয়ায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

 

ভুক্তভোগী গৃহবধূ বলেন, তার সঙ্গে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে এবং তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

 

ভুক্তভোগীর স্বামীও অভিযোগ করে বলেন, তাকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে গভীর রাতে তার স্ত্রীর ওপর হামলার চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন।

 

অভিযুক্ত রুবেল হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত নিউজ