মৌসুমি নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মৌসুমি নিম্নচাপে উত্তাল সাগর, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবির ক্যাপশান, এআই ছবি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় প্রকাশিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১২টায় মৌসুমি নিম্নচাপটির অবস্থান ছিল উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায়। এর অবস্থান ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

 

সে সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং চার সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এদিকে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে রোববার সকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে সাগরও উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্ক সংকেতের কারণে গভীর সমুদ্রে থাকা মাছ ধরার ফিশিং বোটগুলো উপকূলের কাছাকাছি অবস্থান করছে এবং নতুন করে কোনো নৌযানকে গভীর সাগরে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।

 

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি, ঝড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থাকার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলেদের পাশাপাশি সমুদ্রগামী নৌযানগুলোকে সর্বশেষ আবহাওয়া সতর্কবার্তা অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ