আগামী এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল

আগামী এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহনে আরও একটি বড় অগ্রগতি আসছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিল থেকেই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের বর্ধিত অংশে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হবে। এর আগে আগামী বছরের জানুয়ারি থেকে নতুন এই অংশে খালি ট্রেন দিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বাণিজ্যিক পরিচালনার আগে নতুন অংশের সব ধরনের প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করতে পরীক্ষামূলক ট্রেন চলাচল পরিচালনা করা হবে। নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করা হবে।

 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার সম্প্রসারণ কাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই অংশে একটি নতুন স্টেশন, ভায়াডাক্ট ও রেলপথ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

 

বর্তমানে কমলাপুর মেট্রোরেল স্টেশনের স্থাপত্যকাজ, প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণ এবং অভ্যন্তরীণ ফিনিশিংয়ের কাজ চলছে। জুন পর্যন্ত স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট স্ট্রাকচার, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণ সম্পন্ন হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই স্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম দরজা, সিগন্যালিং সিস্টেম এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে স্টেশনের ভেতরে টাইলস বসানো, স্থায়ী কাচের জানালা স্থাপন এবং রঙের কাজ চলছে। পাশাপাশি উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে। মোট ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ইতোমধ্যে ১০০টির কাস্টিং সম্পন্ন হয়েছে।

 

উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে রাজধানীর প্রধান রেলস্টেশনের সঙ্গে দেশের প্রথম মেট্রোরেল সংযোগ স্থাপিত হবে, যা যাত্রীদের যাতায়াতে নতুন মাত্রা যোগ করবে।


সম্পর্কিত নিউজ