{{ news.section.title }}
পদ্মার এক পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল একটি পাঙাশ মাছ। মাছটি শেষ পর্যন্ত ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার, ২৮ এপ্রিল ভোর ৫টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের মাঝামাঝি এলাকায় জেলে এরশাদের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, ভোরে জেলে এরশাদ সহযোগীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে জোরে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।
পরে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি।
উন্মুক্ত নিলামে মাছটি কেজিপ্রতি ২ হাজার ৮০০ টাকা দরে ৭০ হাজার টাকায় কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
পরে তিনি মাছটি কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে কেজিপ্রতি ২ হাজার ৮৫০ টাকা দরে বিক্রি করেন। এতে মাছটির মোট দাম দাঁড়ায় ৭১ হাজার ২৫০ টাকা।
চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় পাঙাশ মাছের চাহিদা বেশি। তাই তিনি বেশি দাম দিয়ে মাছটি কিনেছিলেন। পরে মোবাইলে যোগাযোগ করে ক্রেতার কাছে বিক্রি করেন এবং বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়ে দেন।