ভূমিহীন পরিবারগুলোকে খাসজমি দেওয়া হবে, বললেন ভূমিমন্ত্রী মিনু

ভূমিহীন পরিবারগুলোকে খাসজমি দেওয়া হবে, বললেন ভূমিমন্ত্রী মিনু
ছবির ক্যাপশান, ভূমিহীন পরিবারগুলোকে খাসজমি দেওয়া হবে, বললেন ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে উচ্ছেদের মুখে পড়া ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি খাসজমি দেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, প্রকৃত ভূমিহীনদের তালিকা করে তাদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল সকালে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় নওদাপাড়ার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গ উঠে আসে।


ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে হঠাৎ করে উচ্ছেদের চেষ্টা অনৈতিক ও অমানবিক। উচ্ছেদ করতে হলে অন্তত ছয় থেকে সাত দিনের সময় দেওয়া উচিত। চার ঘণ্টার নোটিশে ঘরবাড়ি ভেঙে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তিনি জানান, জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা করে খাসজমি দেওয়ার ব্যবস্থা করা হবে।


ভূমিমন্ত্রী বলেন, অতীতে কিছু অসাধু চক্রের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। পুরোনো মালিকানা দাবির অজুহাতে অর্পিত সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই।


ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি লড়াই জোরদার করার আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি সমন্বিত প্যানেল গঠনের পরামর্শ দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ব্যক্তিগতভাবেও দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।


এদিকে সকালেই ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী সেখানে গিয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানান এবং পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।


স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বসবাস করলেও উচ্ছেদের আতঙ্কে তারা অনিশ্চয়তায় রয়েছেন। ভূমিমন্ত্রীর ঘোষণায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
 


সম্পর্কিত নিউজ