ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ছবির ক্যাপশান, ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মো. এনামুল হক ভাংনী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী গত সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। সেই সূত্রে বিএনপি নেতা এনামুল হকের সঙ্গে তার পরিচয় হয়।

 

ভুক্তভোগীর অভিযোগ, প্রচারণায় অংশ নেওয়ার পুরস্কার হিসেবে তাকে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এনামুল। গত শনিবার দুপুর ১২টার দিকে কার্ডের জন্য মোবাইল নম্বর নেওয়ার কথা বলে তিনি ওই নারীর বাড়িতে যান।

 

ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে এনামুল তাকে অশালীন প্রস্তাব দেন এবং একপর্যায়ে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে ধাক্কা দিয়ে সরিয়ে ঘর থেকে পালিয়ে তিনি আত্মরক্ষা করেন।

 

ভুক্তভোগী নারী বলেন, ঈদের পর কার্ড দেওয়া হবে বলে নম্বর নিতে এসেছিলেন এনামুল। ঘরে কেউ না থাকার সুযোগে তিনি খারাপ কাজ করার চেষ্টা করেন। এখন বিচার চাইলে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

 

ভাংনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। তার ভাষ্য, হাসি-তামাশার ছলে একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় ওই নারী ভুল বুঝেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলেও দাবি করেন তিনি।

 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 


সম্পর্কিত নিউজ