{{ news.section.title }}
কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগে উৎপাদন বাড়ানোর আহ্বান ব্র্যাক সিডের
ঠাকুরগাঁওয়ের হরিপুরের যাদুরানী বাজারে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে কৃষকদের সঙ্গে আধুনিক ফসল উৎপাদনের কলাকৌশল প্রয়োগ ও হাইব্রিড-১০ ধানের অধিক ফলন উৎপাদন ও বৃদ্ধি নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও ব্র্যাক সীডের ডিলার দবিরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস অফিসার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার রাকিবুল ইসলাম ও কীটনাশক, বীজ, রাসায়নিক সার বিক্রেতাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেরিটরি সেলস অফিসার কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ।
এ সময় কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম বলেন, কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনের কলাকৌশল ও বিভিন্ন জাতের হাইব্রিড ধান, ভুট্টা, মিষ্টিকুমড়া, শাক-সবজি, করলা, আলুসহ ব্র্যাকের উন্নত জাতের ফসল কীভাবে কম কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদন করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় তিনি কৃষক ও ডিলারদের বায়ো-পেস্টিসাইডের বিষয় উল্লেখ করে বলেন, অধিকাংশ কৃষক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহার। তাই তিনি বায়ো-পেস্টিসাইডের সুফল তুলে ধরেন। সেই সঙ্গে ব্র্যাকের বায়ো-পেস্টিসাইডের পণ্যগুলো নিয়ে আলোচনা ও ব্যবহার করতে বলেন।
তিনি আরও বলেন, “মাটিতে যদি গ্যাস না থাকে, তাহলে ফসল ভালো হবে না।”
তিনি মাটির গুণাগুণ, অম্লীয় বা ক্ষারত্ব এবং পিএইচের মান ৫.৫-৭.৫ এর মধ্যে থাকলে সেই মাটিতে ভালো ফলাফল আশা করা যায় বলেও উল্লেখ করেন।
কর্মশালায় ৫৭ জন প্রান্তিক কৃষক উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে ব্র্যাকের হাইব্রিড-১০ জাতের বীজ প্রদান করা হয়।