আজ শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

আজ শুরু এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশব্যাপী ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এ বছরের পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নির্ভয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরীক্ষার্থীরা যেন স্বস্তি ও আত্মবিশ্বাস নিয়ে কেন্দ্রে আসে এবং সফলভাবে পরীক্ষা শেষ করে।

 

পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে। এতে জানানো হয়, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন-অর্থাৎ অংশগ্রহণে প্রায় সমান অবস্থান রয়েছে।

 

আরো পড়ুন : ভোরবেলায় ভূমিকম্প, কোথায় কোথায় অনুভূত?

 

শিক্ষা বোর্ডভিত্তিক হিসাবে দেখা যায়, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড–এর অধীনে, যেখানে অংশ নিচ্ছে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। অন্যান্য বোর্ডগুলোর মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ড–এ রয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন, রাজশাহী শিক্ষা বোর্ড–এ ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লা শিক্ষা বোর্ড–এ ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোর শিক্ষা বোর্ড–এ ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড–এ ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এছাড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ড–এ ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন, সিলেট শিক্ষা বোর্ড–এ ৮৯ হাজার ৪২১ জন এবং বরিশাল শিক্ষা বোর্ড–এ ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

 

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

 

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড–এর অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী, যেখানে ছাত্রের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। আর কারিগরি শিক্ষা বোর্ড–এর অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বসছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন, যার মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

 

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এ বছর ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে, যা দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।


সম্পর্কিত নিউজ