{{ news.section.title }}
আহত শিক্ষার্থীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ; রাবি মেডিকেল সেন্টারে তালা দিলেন শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চিকিৎসা কেন্দ্রে সেবা নিতে আসা এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহত শিক্ষার্থী শাহরুখ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চিকিৎসা না পেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাশে একটি মেসে অবস্থান করছেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল ১১টার দিকে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে গুরুতর আঘাত পান শাহরুখ। পরে সহপাঠীরা তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রাবির চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে সহপাঠীরা তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে গেলেও তাদের মধ্যে ক্ষোভ থেকে যায়।
পরবর্তীতে বিকেল সাড়ে ৫টার দিকে বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা না দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাকসু প্রতিনিধিদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টির সমাধান না হওয়ায় চিকিৎসা কেন্দ্র তালাবদ্ধ ছিল।
এ বিষয়ে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একটা ব্যক্তি গুরুতর অসুস্থ, তার ঠোঁট দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। ডাক্তার তার মুখে একটু টিস্যু দিয়ে বলে রাজশাহী মেডিকেলে নিয়ে যেতে। আমাদের দাবি হলো এটি যেদিন পূর্ণাঙ্গ মেডিকেল হবে সেদিনই এটি চালু হবে, অন্যথায় রাবিতে কোনো মেডিকেল থাকবে না।
একই বিভাগের আরেক শিক্ষার্থী বিন আজমাইলম বলেন, ১ম বর্ষের একজন শিক্ষার্থী যে সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে ন্যূনতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখন যদি তারা ন্যূনতম চিকিৎসা দিতে না পারে তাহলে এই মেডিকেল সেন্টার না থাকাই ভালো।
তিনি আরও বলেন, দায়িত্বরত চিকিৎসককে জবাবদিহির আওতায় আনতে হবে এবং চিকিৎসা কেন্দ্রের সেবার মান উন্নত করতে হবে, যাতে অন্তত প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ঘটনার কথা শুনেই আমি চিকিৎসা কেন্দ্রে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। আশা করছি দ্রুতই বিষয়টির সমাধান করা যাবে।
চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, কয়েকদিন ধরেই আমি ছুটিতে আছি। শিক্ষার্থীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে শুনলাম, তারা চিকিৎসা কেন্দ্রে তালা দিয়েছেন। উপাচার্যের সঙ্গে আমার কথা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুতই বিষয়টি সমাধান করা হবে।