{{ news.section.title }}
চট্টগ্রাম কলেজের সংঘর্ষের পর উত্তপ্ত চবি: ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে দুই সংগঠন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পৃথক সময়ে আয়োজিত এসব কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট (স্মরণ চত্বর) থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাখা ছাত্রদল। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল হয়ে ২ নম্বর গেটে গিয়ে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে নেতা-কর্মীরা স্লোগান দেন একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর, জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, গুপ্তবাহিনীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও , গুপ্তবাহিনীর আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এবং “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবনা”।
এর প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাখা ছাত্রশিবির। তাদের মিছিল সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল, এ এফ রহমান হল ও নিরাপত্তা দপ্তর এলাকা প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ শেষে বক্তব্যে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ‘গুপ্ত শিবির’। তিনি বলেন, দেশের সব ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধ করতে হবে এবং এ ধরনের কর্মকাণ্ড হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
অন্যদিকে, চবি শাখা ছাত্রশিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি দাবি করেন, সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে তাদের বিক্ষোভ মিছিলে আবারও হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বহিরাগত সন্ত্রাসীদের এনে এই হামলা করা হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের প্রভাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ায় আশঙ্কায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।