{{ news.section.title }}
হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪৫
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই মারা গেছে ৭ শিশু। একই সময়ে নতুন করে ৯৪৫ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে দেশজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬০৫ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৪২ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছে ৯৬ হাজার ৬৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৩১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১৫৫ জন।