যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই সাক্ষাৎকারের (ইন্টারভিউ) সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। অন্য কোনো দেশ থেকে ভিসার আবেদন করলে অনুমোদনের সম্ভাবনা কমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের উচিত নিজ নিজ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস অথবা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। এতে আবেদন যাচাই, নথিপত্র মূল্যায়ন এবং সাক্ষাৎকার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিজের দেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে ভিসার আবেদন করলে সেটিকে 'থার্ড-কান্ট্রি ন্যাশনাল (TCN) আবেদন' হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর তথ্য ও যোগ্যতা যাচাইয়ে অতিরিক্ত সময় লাগতে পারে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় নথি যাচাই বা নিরাপত্তাজনিত কারণে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, এমনকি ভিসা অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে।

 

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, অন্য দেশ থেকে আবেদন করার আগে সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেট ওই দেশের নাগরিক নন-এমন আবেদনকারীদের সাক্ষাৎকার নিচ্ছে কি না, তা আগে থেকেই নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ সব মার্কিন মিশন বিদেশি নাগরিকদের ভিসা আবেদন গ্রহণ করে না।

 

এছাড়া আবেদন প্রক্রিয়ায় জমা দেওয়া ভিসা আবেদন ফি (MRV Fee) কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয় বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে। তাই আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের আগে প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

 

দূতাবাসের কর্মকর্তারা জানান, আবেদনকারীর নিজ দেশে তার পারিবারিক, সামাজিক, শিক্ষাগত ও আর্থিক সম্পর্ক যাচাই করা তুলনামূলক সহজ হওয়ায় নিজ দেশের দূতাবাসে আবেদন করলে ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত সম্পন্ন হওয়ার সুযোগ থাকে।

 

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, ব্যবসা বা অন্যান্য উদ্দেশ্যে যেতে ইচ্ছুকদের সর্বশেষ নির্দেশনা অনুসরণ এবং ভিসা আবেদন সংক্রান্ত তথ্য কেবল মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের সরকারি সূত্র থেকে যাচাই করার আহ্বান জানিয়েছে দূতাবাস।


সম্পর্কিত নিউজ