নিউইয়র্কে এলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু, আবারও বললেন মামদানি

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু, আবারও বললেন মামদানি
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে তাঁকে গ্রেপ্তারের আইনি সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির প্রশাসন। এ তথ্য জানিয়েছেন মেয়র নিজেই।

দ্য নিউইয়র্ক টাইমস–এর The Interview পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি বলেন, তাঁর প্রশাসনের আইন বিভাগ বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনা করছে।

 

মামদানি বলেন, "আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত কয়েক বছরে তাঁর কর্মকাণ্ডের কারণে অনেক মানুষই এই অবস্থানের সঙ্গে একমত।"

 

তবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে এমন পদক্ষেপ নেওয়ার আইনি ক্ষমতা তাঁর রয়েছে কি না-এ প্রশ্নের জবাবে মামদানি বলেন, বিষয়টি নিয়ে এখনো আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চলছে।

 

তিনি বলেন, "আমরা আইন ভেঙে বা আইনের সীমা অতিক্রম করে কোনো পদক্ষেপ নিতে চাই না। তাই আইন বিভাগ বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করছে।"

 

মামদানি নির্বাচনী প্রচারণার সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার আওতায় থাকা কোনো ব্যক্তি নিউইয়র্কে এলে আইনি ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা বিবেচনা করবেন।

 

২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা যুদ্ধকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং আইসিসির এখতিয়ারও স্বীকার করে না।

 

এদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মামদানির বক্তব্যকে "নিছক রাজনৈতিক নাটক" বলে মন্তব্য করেছেন। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এবং এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফেডারেল সরকারের আওতাভুক্ত।

 

অন্যদিকে সপ্তাহের শুরুতে এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিউইয়র্ক সফরে তাঁকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন।

 

এছাড়া জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নেতানিয়াহু পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে নিউইয়র্কে এসে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে ইসরায়েলের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

 

যদিও মামদানির বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, তবে আইন বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এবং বিদেশি সরকারপ্রধানদের কূটনৈতিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বাস্তবে এমন কোনো গ্রেপ্তার কার্যকর করা অত্যন্ত জটিল হতে পারে।

 

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস


সম্পর্কিত নিউজ