জ্বালানি তেলের দাম আবারো শত ডলার ছাড়াল

জ্বালানি তেলের দাম আবারো শত ডলার ছাড়াল
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। এ কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু না করার অবস্থানেই রয়েছে তেহরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, যা সরাসরি তেলের দামে প্রভাব ফেলছে।

 

সর্বশেষ তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

 

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেলের বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে। কারণ বিশ্বের একটি বড় অংশের জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হয়।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নেয় এবং হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। এরপর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।


সম্পর্কিত নিউজ