স্থানীয় সরকার নির্বাচন হবে আরও বড় চ্যালেঞ্জ: পানিসম্পদমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও বড় চ্যালেঞ্জ: পানিসম্পদমন্ত্রী
ছবির ক্যাপশান, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও কঠিন চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দলীয় প্রতীক না থাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আরও কঠিন হবে।

শুক্রবার, ২৪ এপ্রিল দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এ্যানি বলেন, যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এবং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে।

 

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা মানুষের খোঁজখবর রেখেছেন, সুখে-দুঃখে পাশে ছিলেন এবং এলাকার উন্নয়নে কাজ করেছেন, তারাই জনপ্রতিনিধি হওয়ার যোগ্য।

 

পানিসম্পদমন্ত্রী বলেন, সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত করতে এখন থেকেই সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাধারণ মানুষের ভাগ্য জড়িত, তাই এই নির্বাচনকে হালকাভাবে দেখার সুযোগ নেই।

 

এর আগে মন্ত্রী লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার।
 


সম্পর্কিত নিউজ