{{ news.section.title }}
জোহানেসবার্গের বস্তিতে ভয়াবহ বন্দুক হামলা, নিহত বেড়ে ১২
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি বস্তিতে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার কিছু সময় পর ১০ জনের বেশি সশস্ত্র ব্যক্তি একটি গাড়িতে করে এসে বস্তিটিতে হামলা চালায়। তারা বস্তির বিভিন্ন স্থানে অবস্থানরত সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলার সময় বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
কর্নেল ডিমাকাতসো নেভহুলুই জানান, ঘটনাস্থলেই আটজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে মৃত ঘোষণা করা হয়। পরে আহতদের মধ্যে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা বস্তির উভয় প্রবেশপথ ব্যবহার করে এলাকায় প্রবেশ করে। এরপর তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে স্থানীয় জনগণের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। হামলা শেষে একই গাড়িতে করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। পুলিশ বলছে, ঘটনার পেছনে কোনো অপরাধচক্র, গ্যাং-সংঘাত কিংবা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
এই হামলাটি ঘটেছে জাম্পার্স বস্তিতে, যা ক্লিভল্যান্ড এলাকার অন্তর্ভুক্ত। ক্লিভল্যান্ড জোহানেসবার্গ শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার পূর্বে অবস্থিত। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত ১০ জনের বেশি সন্দেহভাজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে।