হান্টাভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ, এটি কি করোনার পর আরেক সম্ভাব্য মহামারির সতর্কবার্তা?

হান্টাভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ, এটি কি করোনার পর আরেক সম্ভাব্য মহামারির সতর্কবার্তা?
ছবির ক্যাপশান, প্রতীকী এআই জেনারেটেড ছবি

হান্টাভাইরাসের প্রাণঘাতী প্রাদুর্ভাবে আক্রান্ত বিলাসবহুল ক্রুজ শিপ এমভি হন্ডিয়াস থেকে শেষ যাত্রী ও ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে আটকে থাকা জাহাজটি ঘিরে কয়েক দিনের জটিল আন্তর্জাতিক উদ্ধার ও কোয়ারেন্টাইন কার্যক্রমের পর শেষ দুটি উড়োজাহাজ নেদারল্যান্ডসে পৌঁছেছে। একই সময়ে জাহাজ থেকে সরিয়ে নেওয়া এক মার্কিন যাত্রীর শরীরে সংক্রমণ শনাক্ত হওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

আল জাজিরা, রয়টার্স ও এপির তথ্য অনুযায়ী, শেষ দফায় ২৮ জনকে নেদারল্যান্ডসে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জন যাত্রী, ১৯ জন ক্রু সদস্য এবং দুইজন চিকিৎসক ছিলেন। যাত্রীদের মধ্যে চারজন অস্ট্রেলিয়ার, একজন নিউজিল্যান্ডের এবং একজন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ব্রিটিশ নাগরিক। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রথমে আইন্ডহোভেন বিমানঘাঁটির কাছে একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হবে। এরপর নিজ নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে।

 

এমভি হন্ডিয়াস জাহাজটি গত ১ এপ্রিল আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে এটি আটলান্টিক পাড়ি দিয়ে কেপ ভার্দের দিকে যাওয়ার কথা ছিল। তবে যাত্রার মাঝপথে কয়েকজন যাত্রীর মধ্যে গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থতা দেখা দিলে পরিস্থিতি দ্রুত বদলে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, প্রথম সংক্রমণটি সম্ভবত যাত্রা শুরুর আগেই হয়েছিল। পরে জাহাজের ভেতরে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে আরও সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে।

 

এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ডাচ দম্পতি এবং একজন জার্মান নাগরিক রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার জানিয়েছে, অন্তত সাতজনের শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে। আরও দুজন সন্দেহভাজন রোগী হিসেবে বিবেচনায় রয়েছেন। তাদের একজন পরীক্ষার আগেই মারা গেছেন, আরেকজন দক্ষিণ আটলান্টিকের দুর্গম দ্বীপ ট্রিস্তান দা কুনহায় ছিলেন, যেখানে পরীক্ষার সুবিধা ছিল না।

 

নতুন করে যুক্তরাষ্ট্রে ফেরত নেওয়া ১৮ যাত্রীর মধ্যে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিকে নেব্রাস্কার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের বিশেষ বায়োকনটেইনমেন্ট ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে আরও ১৫ জনকে সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে দুইজন যাত্রী, যাদের একজনের উপসর্গ রয়েছে, আটলান্টার এমোরি ইউনিভার্সিটি হাসপাতালে রাখা হয়েছে।

 

ফ্রান্সেও একজন নারী যাত্রীর শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য সংস্পর্শে আসা নাগরিকদের শনাক্ত ও পর্যবেক্ষণের কাজ করছে।

 

এই প্রাদুর্ভাবের সঙ্গে যুক্ত ভাইরাসটি অ্যান্ডিজ ভাইরাস হিসেবে পরিচিত। এটি হান্টাভাইরাসের একটি ধরন, যা সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মূত্র, মল বা লালার মাধ্যমে ছড়ায়। তবে অ্যান্ডিজ ভাইরাস হান্টাভাইরাসের একমাত্র ধরন, যা সীমিতভাবে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের জন্য ঝুঁকি এখনো কম, কারণ সংক্রমণ ছড়াতে সাধারণত দীর্ঘ সময়ের ঘনিষ্ঠ সংস্পর্শ প্রয়োজন হয়।

 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দেশটির স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেছেন, টেনেরিফে সিডিসি দল পাঠানো হয়েছিল এবং রোগীদের ফেরানোর জন্য উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছিল। তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। এদিকে ইউরোপীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্কতার অংশ হিসেবে জাহাজের সব যাত্রীকে উচ্চ ঝুঁকির সংস্পর্শে থাকা ব্যক্তি হিসেবে বিবেচনা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য সংক্রমিতদের জন্য ৪২ দিনের পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইন সুপারিশ করেছে।

 

শেষ যাত্রীদের সরিয়ে নেওয়ার পর এমভি হন্ডিয়াস নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হয়েছে। তবে এই ঘটনা আন্তর্জাতিক ক্রুজ ভ্রমণ, জাহাজে স্বাস্থ্য নিরাপত্তা এবং সীমান্ত পেরিয়ে সংক্রামক রোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।


সম্পর্কিত নিউজ