ফ্রান্সে প্রথম ইবোলা রোগী শনাক্ত, কঙ্গোফেরত চিকিৎসক আক্রান্ত

ফ্রান্সে প্রথম ইবোলা রোগী শনাক্ত, কঙ্গোফেরত চিকিৎসক আক্রান্ত
ছবির ক্যাপশান, ফ্রান্সে প্রথম ইবোলা রোগী শনাক্ত, কঙ্গোফেরত চিকিৎসক আক্রান্ত

ফ্রান্সে প্রথমবারের মতো ইবোলা ভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন চিকিৎসক, যিনি সম্প্রতি কঙ্গোতে মানবিক সহায়তা মিশন শেষ করে দেশে ফিরেছিলেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (২৪ জুন) ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত চিকিৎসককে দ্রুত শনাক্ত করে একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

 

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোগী কঙ্গোর এমন একটি অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন যেখানে বর্তমানে ইবোলার প্রাদুর্ভাব চলছে। দেশে ফেরার পর তার মধ্যে উপসর্গ দেখা দিলে পরীক্ষায় ইবোলা সংক্রমণ ধরা পড়ে। এরপরই তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আইসোলেশনে নেওয়া হয়।

 

ঘটনার পর আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে ব্যাপক কার্যক্রম শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। বিমানে তার আশপাশে থাকা কয়েকজন যাত্রীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে কঙ্গো থেকে ফিরে আসা স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তাকর্মীদের জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।

 

ফরাসি সরকার জানিয়েছে, বর্তমানে সাধারণ জনগণের জন্য সংক্রমণের ঝুঁকি খুবই কম। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্পর্শে আসা ব্যক্তিদের ২১ দিনের পর্যবেক্ষণে রাখা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।

 

এদিকে কঙ্গোতে চলমান ইবোলা প্রাদুর্ভাব ইতোমধ্যেই উদ্বেগজনক আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশটিতে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রোগটির বিস্তার সবচেয়ে বেশি ইতুরি অঞ্চলে। এছাড়া প্রতিবেশী উগান্ডাতেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে।


সম্পর্কিত নিউজ