ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো কে এই কোল টমাস অ্যালেন, যা জানা গেল

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো কে এই কোল টমাস অ্যালেন, যা জানা গেল
ছবির ক্যাপশান, ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালানো কে এই কোল টমাস অ্যালেন, যা জানা গেল

ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে গুলির ঘটনার পর আলোচনায় উঠে এসেছে কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তি। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ৩১ বছর বয়সী এই সন্দেহভাজন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা।

শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ হাজার ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যরাও ছিলেন। হঠাৎ নিরাপত্তা চেকপয়েন্টের কাছে গুলির শব্দ শোনা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা ব্যারিয়ার অতিক্রমের চেষ্টা করেন এবং পরে এক সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান। দ্রুত পাল্টা তৎপরতায় হামলাকারীকে আটক করা হয়।

 

প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। নজরদারি ভিডিওতে দেখা গেছে, তিনি দ্রুত স্ক্রিনিং এলাকা পার হওয়ার চেষ্টা করছিলেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে অর্ধনগ্ন অবস্থায় বাড়ির বাইরে এনে আত্মসমর্পণ করানো হচ্ছে। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম বলছে, ওই ব্যক্তিই কোল টমাস অ্যালেন।

 

ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হবে।

 

কর্তৃপক্ষের ধারণা, হামলাটি এককভাবে পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত বড় কোনো সংগঠনের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তবে তার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

 

তদন্তকারীরা ক্যালিফোর্নিয়ায় তার বাসা তল্লাশি করছেন। পাশাপাশি ডিজিটাল ডিভাইস, ভ্রমণ রেকর্ড এবং মানসিক স্বাস্থ্য ইতিহাসও খতিয়ে দেখা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

 

এই ঘটনা নতুন করে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্পকে লক্ষ্য করে দুটি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছিল।

 

তবে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
 


সম্পর্কিত নিউজ