{{ news.section.title }}
কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বোমা হামলা, নিহত ১৪, আহত ৩৫
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জনের বেশি, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার, ২৫ এপ্রিল স্থানীয় সময় কাউকা প্রদেশের প্যান-আমেরিকান মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজিবিও এলাকার এল টুনেল এলাকায় বিস্ফোরকবাহী যান বা সড়কের পাশে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে।
কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান সামাজিক যোগাযোগমাধ্যমে একে বেসামরিক জনগণের ওপর নির্বিচার হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই বর্বরতা মোকাবিলায় কাউকা একা পারবে না।
স্থানীয় প্রশাসন জানায়, বিস্ফোরণের সময় মহাসড়ক দিয়ে সাধারণ যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল করছিল। ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়। বিস্ফোরণের পর বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।
গভর্নরের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মহাসড়কজুড়ে পোড়া গাড়ি, ভাঙা ধাতব অংশ এবং ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে আছে। উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে নেওয়ার জন্য দ্রুত অভিযান চালান।
কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার জেনারেল হুগো লোপেজ বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘ইভান মোরদিস্কো’ নেটওয়ার্ক এবং ‘জাইমে মার্টিনেজ’ নামের বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট ও মাদক পাচারকারী বলে উল্লেখ করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ভায়ে দেল কাউকার গভর্নর ফ্রান্সিসকা তোরো বাড়তি সেনা মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং মহাসড়কে বিশেষ নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
কলম্বিয়ায় সাম্প্রতিক সময়ে বিদ্রোহী গোষ্ঠী, মাদকচক্র এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই হামলা দেশটির শান্তি প্রক্রিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করল।