{{ news.section.title }}
আমি ধর্ষক বা শিশুকামী নই: ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে গুলির ঘটনায় সন্দেহভাজনের কথিত ম্যানিফেস্টো নিয়ে প্রশ্নের মুখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি ধর্ষক নন, শিশুকামীও নন।
রোববার সিবিএসের এক অনুষ্ঠানে নোরা ও’ডনেলের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে অনুষ্ঠিত ডিনারে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে গ্রেপ্তার করা হয়।
রয়টার্স জানিয়েছে, অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তিনি অনুষ্ঠানস্থলে আগেই অবস্থান নিয়েছিলেন এবং তার কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান ও কয়েকটি ছুরি ছিল। হামলার সময় এক সিক্রেট সার্ভিস সদস্য গুলিবিদ্ধ হন, তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি প্রাণে বেঁচে যান।
ট্রাম্প বলেন, সন্দেহভাজন ব্যক্তি চরমপন্থায় প্রভাবিত ছিল এবং তার লেখা ম্যানিফেস্টোতে প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করার ইঙ্গিত ছিল। তিনি ওই ব্যক্তিকে অসুস্থ মানসিকতার মানুষ বলেও মন্তব্য করেন।
সাক্ষাৎকারে সন্দেহভাজনের কথিত ম্যানিফেস্টোর একটি অংশ পড়ে শোনানো হলে ট্রাম্প ক্ষুব্ধ হন। সেখানে ‘পেডোফাইল, ধর্ষক ও বিশ্বাসঘাতক’ শব্দগুলো ছিল। জবাবে ট্রাম্প বলেন, তিনি ধর্ষক নন, কাউকে ধর্ষণ করেননি এবং শিশুকামীও নন। তিনি এসব বক্তব্যকে একজন অসুস্থ ব্যক্তির লেখা বলে প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প সাক্ষাৎকারগ্রহণকারীকে তিরস্কার করে বলেন, এসব লেখা পড়ার জন্য তার লজ্জা হওয়া উচিত। তিনি আরও বলেন, তিনি কোনো রাজা নন। যদি রাজা হতেন, তবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেন না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা খুব দ্রুত ও পেশাদারভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিরাপত্তা বাহিনী দ্রুত তাকে, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অন্য কর্মকর্তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
কর্তৃপক্ষ বলছে, হামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজনের লেখা, অতীত কর্মকাণ্ড ও সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।