হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা
ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের নতুন নির্দেশনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ)। নতুন নিয়ম অনুযায়ী, প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক জাহাজগুলোকে আগাম অনুমোদন নিতে হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ট্রানজিট আবেদন জমা দিতে হবে।

শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক বিবৃতিতে পিজিএসএ জানায়, হরমুজ প্রণালিতে নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে নতুন এই নির্দেশনা কার্যকর করা হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব জাহাজকে সরকারি চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনুমোদন পাওয়ার পরই যাতায়াতের অনুমতি দেওয়া হবে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রানজিট আবেদনের জন্য শুধুমাত্র পিজিএসএর সরকারি ওয়েবসাইট এবং নির্ধারিত ই-মেইল ব্যবস্থাকে বৈধ মাধ্যম হিসেবে গণ্য করা হবে। আবেদনপত্রের সঙ্গে জাহাজের বিস্তারিত তথ্য, যোগাযোগের মাধ্যম এবং প্রয়োজনীয় নৌ-নথি জমা দিতে হবে।

 

নতুন নির্দেশনায় বলা হয়েছে, হরমুজ প্রণালিতে প্রবেশ বা প্রস্থানকালে কোনো ধরনের বিলম্ব এড়াতে জাহাজ মালিকদের কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে পূর্ণাঙ্গ ট্রানজিট আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে অনুমোদন পেতে বিলম্ব হতে পারে।

 

পিজিএসএ আরও জানিয়েছে, চুক্তি কার্যকরের পরবর্তী ৬০ দিনের জন্য জাহাজ চলাচল সংক্রান্ত কিছু আর্থিক সুবিধা দেওয়া হবে। নিরাপত্তা, সুরক্ষা এবং পরিবেশগত সেবা বাবদ নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট ইরানি বীমা চার্জ সাময়িকভাবে মওকুফ করা হয়েছে। এই ব্যয় ইরান সরকার বহন করবে বলে জানানো হয়েছে।

 

বিবৃতিতে নিরাপত্তা বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালির কিছু এলাকায় এখনও মাইনের ঝুঁকি এবং অন্যান্য নিরাপত্তা সংশ্লিষ্ট চ্যালেঞ্জ রয়েছে। ফলে জাহাজগুলোকে আগে থেকেই তাদের যাতায়াতের রুট ও সময়সূচি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

 

নির্দেশনা অমান্য করলে সম্ভাব্য ঝুঁকি বা ক্ষয়ক্ষতির দায় সংশ্লিষ্ট জাহাজ মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানের ওপর বর্তাবে বলেও সতর্ক করেছে পিজিএসএ।

 

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ফলে প্রণালিটির নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখা বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

 

উল্লেখ্য, গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি ১৪ দফা সমঝোতা স্মারকে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ৬০ দিনের আলোচনায় সম্মত হয়েছে দুই দেশ।
 


সম্পর্কিত নিউজ