প্রবাসীদের জন্য আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

প্রবাসীদের জন্য আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন
ছবির ক্যাপশান, এআই ছবি

চলতি বছরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা ও আবাসন নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ, ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নতুন শর্ত, জরিমানায় সাময়িক ছাড়, স্মার্ট মেডিকেল ভিসা চালু এবং তিন দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা স্থগিতসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করেছে দেশটি।

শনিবার (৪ জুলাই) খালিজ টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এসব পরিবর্তনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

 

অন-অ্যারাইভাল ভিসার সুবিধা আরও বিস্তৃত

আমিরাতের ফেডারেল অথরিটি অন-অ্যারাইভাল ভিসা সুবিধার আওতা আরও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ দিন ও ৬০ দিনের ভিসা ক্যাটাগরিতে আরও কয়েকটি দেশের নাগরিক সহজেই আমিরাতে প্রবেশের সুযোগ পাবেন। এর আগে এই সুবিধা কেবল নির্দিষ্ট শর্ত পূরণকারী ভারতীয় নাগরিকদের জন্য সীমিত ছিল। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও।

 

৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটক ভিসা অনুমোদন

দুবাই ভ্রমণকে আরও সহজ করতে পর্যটক ভিসা অনুমোদনের সময়ও কমিয়ে এনেছে কর্তৃপক্ষ।

 

গত মাসে দেশটি ঘোষণা দেয়, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে ৬০ দিনের মেয়াদের একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) পর্যটক ভিসা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই অনুমোদন দেওয়া হবে। ফলে পর্যটকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

 

বিনিয়োগকারীদের আবাসিক ভিসায় নতুন শর্ত

সম্পত্তির ভিত্তিতে দেওয়া দুই বছরের আবাসিক ভিসার নিয়মেও পরিবর্তন এনেছে দুবাই কর্তৃপক্ষ।

 

নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানার সম্পত্তির ক্ষেত্রে আগে যে ন্যূনতম ৭ লাখ ৫০ হাজার দিরহাম মূল্যের সম্পত্তি থাকার শর্ত ছিল, সেটি বাতিল করা হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট সম্পত্তির একক মালিক হতে হবে।

 

অন্যদিকে, কোনো সম্পত্তির একাধিক মালিক থাকলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানাধীন অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম হতে হবে। মালিকানা সমানভাবে ভাগ করা হলেও এই শর্ত পূরণ বাধ্যতামূলক।

 

অতিরিক্ত অবস্থানকারীদের জন্য জরিমানায় বিশেষ ছাড়

আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে যেসব দর্শনার্থী নির্ধারিত সময়ের বেশি আমিরাতে অবস্থান করেছিলেন, তাদের জন্য বিশেষ ছাড় দিয়েছে দেশটি।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ব্যক্তিকে জরিমানা ছাড়াই অতিরিক্ত ৩০ দিন সময় দেওয়া হয়েছে। তবে বিশেষ পরিস্থিতির অবসান হওয়ায় সংশ্লিষ্টদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে ভিসার অবস্থা নিয়মিত করতে হবে অথবা আমিরাত ত্যাগ করতে হবে।

চিকিৎসা পর্যটনের জন্য আসছে স্মার্ট মেডিকেল ভিসা

 

চিকিৎসা নিতে আমিরাতে যাওয়া বিদেশি রোগীদের জন্য নতুন ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে দেশটি। এ লক্ষ্যে জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স-দুবাই (জিডিআরএফএ) এবং দুবাই হেলথ অথরিটি (ডিএইচএ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

 

এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসাপ্রার্থী বিদেশিদের জন্য ভিসা, আবাসন এবং স্বাস্থ্যসেবাকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনা হবে। রোগীদের আমিরাতে আসার আগের প্রস্তুতি থেকে শুরু করে চিকিৎসা গ্রহণ এবং পরবর্তী ফলো-আপ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও সমন্বিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

তিন দেশের নাগরিকদের নতুন ভিসা সাময়িকভাবে বন্ধ

ইবোলা ভাইরাসের বিস্তার ঠেকাতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

 

দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি, ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) যৌথভাবে এই সতর্কতামূলক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

 

গত ৬ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে।

 

সর্বশেষ এসব পরিবর্তনের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত একদিকে যেমন পর্যটন, বিনিয়োগ ও চিকিৎসা খাতকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে, অন্যদিকে জনস্বাস্থ্য ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।


সম্পর্কিত নিউজ