কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ এবং ‘ইরানের প্রোপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করেছে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কুয়েতে মোতায়েন করা মার্কিন বাহিনীর হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (HIMARS) লক্ষ্য করে একটি ‘নির্ভুল ড্রোন অভিযান’ পরিচালনা করেছে আইআরজিসি। তাদের দাবি, হামলায় ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ধ্বংস হয়েছে এবং তিনজন মার্কিন সেনা কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন। তবে ফার্স এ তথ্যের ক্ষেত্রে ‘অনানুষ্ঠানিক সূত্রের’ উদ্ধৃতি দিয়েছে এবং কোনো স্বাধীন প্রমাণ প্রকাশ করেনি।

 

ইরানের দাবি প্রকাশের পরপরই সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, কুয়েতে হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার খবর ভিত্তিহীন। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালনরত কোনো মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার তথ্য নেই এবং সব সেনাসদস্যের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

 

এদিকে পেন্টাগনের সর্বশেষ যুদ্ধকালীন হতাহতের তালিকায় নতুন করে একজন মার্কিন নৌসেনার মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে। তবে ওই মৃত্যুকে ‘অ-শত্রুতামূলক’ (non-hostile) এবং ‘তদন্তাধীন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখনো নিশ্চিত করেনি, ওই মৃত্যু কুয়েতে ঘটেছে কি না কিংবা এর সঙ্গে সাম্প্রতিক হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না।

 

এই ঘটনার মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, কিশ দ্বীপ এবং বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে একটি স্থানে হামলা হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

 

তাসনিম নিউজ এজেন্সি আরও দাবি করেছে, ইরানি বাহিনী হরমুজ প্রণালিতে কয়েকটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ জাহাজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন এমকিউ-৯ (MQ-9) ড্রোন ভূপাতিত করেছে। তবে এসব দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনো পাওয়া যায়নি।

 

বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি দাবি ও তথ্যযুদ্ধের কারণে সংঘাতের প্রকৃত চিত্র যাচাই করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও জোর দিয়ে বলছে, ইরানের দাবি করা কুয়েতে মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য এখন পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।


সম্পর্কিত নিউজ