ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
ছবির ক্যাপশান, ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দেন।

ইউরোপে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্রদের অন্যতম ছিল মেলোনির ডানপন্থী সরকার। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে ইসরায়েলি হামলার সমালোচনা শুরু করেছে রোম। এসব হামলায় জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে সেখানে দায়িত্ব পালনরত ইতালীয় সেনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উত্তর ইতালির ভেরোনায় এক বক্তব্যে মেলোনি বলেন, “বর্তমান পরিস্থিতির আলোকে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।” ইতালির বিভিন্ন সংবাদ সংস্থা তার এই বক্তব্য উদ্ধৃত করেছে।

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের একটি তাৎপর্যপূর্ণ প্রভাব হবে-ইতালি আর ইসরায়েলের সঙ্গে সামরিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা করবে না।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও জানায়, সোমবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে আলোচনার পর মেলোনি এই সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, রয়টার্সের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সূত্রঃ রয়টার্স


সম্পর্কিত নিউজ