বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী

বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী
ছবির ক্যাপশান, বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী

ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত সানা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (১৯ এপ্রিল) তুর্কিয়ে টুডে, ডন ও আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, হুতি প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাষায় “সহযোগী বিশ্ব” যদি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন নীতি চালিয়ে যায়, তাহলে সানা বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুসেইন আল-এজ্জি বলেন, “সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে মানুষ কিংবা জিন-কেউই একে পুনরায় খুলতে পারবে না।” তিনি আরও বলেন, ট্রাম্প এবং “সহযোগী বিশ্ব”-এর উচিত শান্তি বাধাগ্রস্ত করে এমন সব নীতি ও পদক্ষেপ দ্রুত বন্ধ করা এবং ইয়েমেনের জনগণ ও রাষ্ট্রের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান দেখানো।

 

বাব আল-মান্দেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করে। এটি সুয়েজ খালমুখী বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই জলপথে অস্থিরতা তৈরি হলে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মধ্যে পণ্য পরিবহন ব্যাহত হতে পারে। বিশেষ করে তেল, গ্যাস, কনটেইনার পণ্য এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালিটি ইয়েমেন উপকূলের কাছে অবস্থিত একটি সংকীর্ণ জলপথ, যা আঞ্চলিক সংঘাত বাড়লে দ্রুত বৈশ্বিক বাণিজ্য ঝুঁকিতে ফেলতে পারে।

 

হুতিদের এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রভাব হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতার পর বাব আল-মান্দেব নিয়ে হুতিদের এই হুঁশিয়ারি বৈশ্বিক জাহাজ চলাচলে নতুন উদ্বেগ তৈরি করেছে। এর আগে লোহিত সাগর ও বাব আল-মান্দেব অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার কারণে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছিল।

 

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব বন্ধের হুমকি বাস্তবে কার্যকর হলে এর প্রভাব শুধু ইয়েমেন বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, আন্তর্জাতিক জ্বালানি বাজার, বীমা ব্যয়, পণ্য পরিবহন খরচ এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় চাপ তৈরি হতে পারে। তবে হুতিদের এই বক্তব্য এখনো হুঁশিয়ারির পর্যায়ে রয়েছে। প্রণালি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে-এমন কোনো স্বাধীন নিশ্চিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 


সম্পর্কিত নিউজ