{{ news.section.title }}
লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান
লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে স্পষ্ট জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে ইসরায়েলের টানা হামলা ও সামরিক অভিযান অব্যাহত থাকার মধ্যেই তিনি এই মন্তব্য করেন।
দক্ষিণ লেবাননে মোতায়েন ইসরায়েলি সেনাদের পরিদর্শনে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে যে লক্ষ্য দিয়েছে তা হলো—ইসরায়েলের জনপদগুলোকে সরাসরি হামলার বাইরে রাখা। তার দাবি, সেই লক্ষ্য অর্জিত হয়েছে এবং এখন সেই অবস্থান ধরে রাখতে হবে।
সেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে। সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করতে হবে এবং তাদের খুঁজে বের করে নির্মূল করতে হবে।’
এদিকে চলমান সংঘাতে লেবাননে মানবিক সংকটও ক্রমেই তীব্র হচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পাশাপাশি দেশজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে ইসরায়েলি সেনাপ্রধানের এই বক্তব্য সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে আঞ্চলিক স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।