আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা?

আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা?
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

টানা দুই দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

শুক্রবার (১৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং শনিবারও একই দামে দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারও স্থানীয় বাজারে প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৭ মে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়, যা দেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ দাম ছিল।

 

জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, বিয়ের মৌসুম এবং ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে সোনার চাহিদা বাড়লেও উচ্চমূল্যের কারণে অনেক ক্রেতাই এখন অপেক্ষাকৃত কম কেনাকাটা করছেন। দাম কিছুটা কমায় বাজারে আবারও ক্রেতা বাড়তে পারে বলে আশা করছেন তারা। এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৯ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালেও মোট ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।

 

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের দর, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুদ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক-সব মিলিয়ে সোনার বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। ফলে সামনের দিনগুলোতেও দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে।


সম্পর্কিত নিউজ