আজকের বাজারে স্বর্ণের দর জানুন

আজকের বাজারে স্বর্ণের দর জানুন
ছবির ক্যাপশান, এআই ছবি

আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাবেই দেশের বাজারে প্রায় প্রতিনিয়ত ওঠানামা করছে স্বর্ণের দাম। বৈশ্বিক বাজারে দর কমা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণ বা পাকা সোনার দামের পরিবর্তনের কারণে বাংলাদেশেও নতুন করে সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবশেষ গত শনিবার (১৬ মে) এক দফায় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। এরপর আর নতুন করে দাম পরিবর্তন না হওয়ায় আজ সোমবার (১৮ মে) সেই কমানো দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণ। সাম্প্রতিক সময়ে টানা কয়েক দফা দাম বৃদ্ধির পর হঠাৎ বড় অঙ্কের এই মূল্যহ্রাসে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বিশেষ করে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে গয়না কেনার পরিকল্পনা করা অনেকেই এই মূল্যহ্রাসকে ইতিবাচক হিসেবে দেখছেন।

 

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

 

তবে শুধু নির্ধারিত এই দামেই স্বর্ণ কেনা যাবে না। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন, কারুকাজ ও মানভেদে এই মজুরির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৫ মে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে আবারও বড় ধরনের মূল্যহ্রাস আসে।

 

এদিকে শুধু স্বর্ণ নয়, রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।

 

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

 

বিশ্ববাজারে অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক মুদ্রাবাজারের অস্থিরতা এবং ডলারের দামের ওঠানামার কারণেই স্বর্ণের বাজারে এমন ঘনঘন পরিবর্তন দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্বর্ণের বাজারে এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে।


সম্পর্কিত নিউজ