সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে ‘হাস্যকর’

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে ‘হাস্যকর’
ছবির ক্যাপশান, সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে ‘হাস্যকর’

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জে জেলা শাখাসহ চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার (১৬ মে) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ইউনিটগুলো হলো, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ পৌর এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। প্রতিটি কমিটিই এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।


৮৮ সদস্যের সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি এবং আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে ৫৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৪ জন সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।


সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ৬ সদস্যের কমিটিতে রেজাউল করিম রাব্বিকে সভাপতি এবং রাসেল সেখ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


অন্যদিকে ২৫ সদস্যের সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ কমিটিতে শিপন আহসান কাব্যকে সভাপতি এবং আলামিন সরকার হিমেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।


এছাড়া সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ২২ সদস্যের কমিটিতে জীবন সেখকে সভাপতি এবং জিম আহম্মেদ আকাশকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


নতুন কমিটি ঘোষণার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষ থেকে নতুন সাংগঠনিক কমিটি অনুমোদন দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে।


এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কার্যক্রম “হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত”। তার দাবি, ছাত্রলীগ এখন শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং তাদের কার্যক্রম মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক হয়ে গেছে।


তিনি আরও বলেন, মাঠপর্যায়ে সংগঠনটির কোনো দৃশ্যমান উপস্থিতি নেই। তাই নতুন কমিটি ঘোষণা বাস্তব রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত নিউজ