{{ news.section.title }}
আইইএলটিএস ফলাফলে বড় ভুল, কেমব্রিজ ইংলিশকে ১৪৪ কোটি টাকার বেশি জরিমানা
বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি ভাষা দক্ষতা মূল্যায়ন পরীক্ষা আইইএলটিএসের ফলাফলে গুরুতর ত্রুটির ঘটনায় কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল (Ofqual)। বাংলাদেশি মুদ্রায় এই জরিমানার পরিমাণ প্রায় ১৪৪ কোটি ২৪ লাখ টাকা।
অফকোয়ালের প্রকাশিত তথ্য অনুযায়ী, কম্পিউটারনির্ভর স্বয়ংক্রিয় মূল্যায়ন পদ্ধতির ত্রুটির কারণে বিশ্বজুড়ে হাজার হাজার পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছিলেন। তদন্তে দেখা গেছে, মোট ৯৩ হাজার ৮৬৫টি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয়েছিল, যার ফলে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর প্রাথমিক ফলাফলে ভুল নম্বর যুক্ত হয়।
এই ত্রুটির সময়কাল ছিল ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। ওই সময়ে বিশ্বব্যাপী প্রায় ৭৭ লাখ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশ নেন। দীর্ঘ সময় ধরে চললেও কেমব্রিজ ইংলিশের নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থায় বিষয়টি ধরা পড়েনি।
অবশেষে ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি সিস্টেম আপডেটের সময় ত্রুটিটি শনাক্ত হয়। পরে কেমব্রিজ ইংলিশ বিষয়টি দ্রুত অফকোয়ালকে অবহিত করে এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ফলাফল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়।
সংশোধিত ফলাফলে দেখা যায়, ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে ভুলবশত প্রকৃত নম্বরের চেয়ে বেশি স্কোর পাওয়া ১ হাজার ১১৫ জনের ফলাফল সংশোধন করে কমিয়ে আনা হয়।
অফকোয়াল জানিয়েছে, এই ভুলের প্রভাব শুধু একাডেমিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না। ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন সংক্রান্ত ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে অন্তত চারজনের ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে সরাসরি ভিসা যোগ্যতা প্রভাবিত হয়েছিল। পরে তারা পুনরায় পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।
কেমব্রিজ ইংলিশ এই ত্রুটির দায় স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফলাফল সংশোধন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ইতোমধ্যে ৬ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করা হয়েছে।
আইইএলটিএস পরীক্ষাটি যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। বিশ্বজুড়ে উচ্চশিক্ষা, চাকরি এবং অভিবাসনের জন্য এই পরীক্ষার ফলাফল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।