{{ news.section.title }}
ইয়েমেনের ‘স্পাইডার ম্যান’ আগ্নেয়গিরির গর্তে পড়ে নিহত
ঝুঁকিপূর্ণ পর্বতারোহণ ও রোমাঞ্চকর অভিযানের ভিডিওর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ইয়েমেনের তরুণ অভিযাত্রী আল-কাকা ইবনে আন্তার মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ‘ইয়েমেনের স্পাইডার-ম্যান’ নামে পরিচিত এই অভিযাত্রী আগ্নেয়গিরির একটি গভীর গর্তে পড়ে প্রাণ হারান।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৩০ বছর বয়সী আল-কাকা ইবনে আন্তার ইয়েমেনের বিখ্যাত দামত আগ্নেয়গিরির গর্ত এলাকায় অভিযান চালাচ্ছিলেন। তিনি একটি খাড়া ও বিপজ্জনক পাথুরে দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিলেন। তবে এ সময় তার সঙ্গে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছিল না। আরোহনের এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে প্রায় ১২০ মিটার গভীর গর্তে পড়ে যান।
দুর্ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আন্তার খাড়া পাথুরে দেয়ালে ওঠার সময় নিজের হাতের গ্রিপ ধরে রাখার চেষ্টা করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ তার নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তিনি নিচে পড়ে যান। ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। উদ্ধারকারী দলে ডুবুরি ও পানি বিশেষজ্ঞরাও অংশ নেন। দুর্গম এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযানের পর গর্তের পানির নিচে প্রায় ৩০ মিটার গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দামত আগ্নেয়গিরির গর্তটি ইয়েমেনের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক স্থাপনা হিসেবে পরিচিত। গর্তটির তলদেশে সালফারযুক্ত গরম পানি রয়েছে এবং চারপাশে রয়েছে উঁচু ও খাড়া পাথুরে দেয়াল। এই অনন্য প্রাকৃতিক পরিবেশ দেশি-বিদেশি অভিযাত্রীদের আকর্ষণ করলেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া সেখানে অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করেন।
আল-কাকা ইবনে আন্তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযানের ভিডিও প্রকাশ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার অনেক ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন। এসব ভিডিওতে তাকে প্রায়ই নিরাপত্তা দড়ি বা অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ছাড়াই খাড়া পাহাড়, উঁচু পাথুরে দেয়াল এবং বিপজ্জনক স্থান অতিক্রম করতে দেখা যেত।