ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
ছবির ক্যাপশান, ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী যুগ্ম ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৩৬০ জনেরও বেশি মানুষ। এখনও ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ শুক্রবার সর্বশেষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৭২ জন এখনো বিভিন্ন ধসে পড়া ভবনের নিচে আটকে রয়েছেন। উদ্ধারকারী দল, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক ও আন্তর্জাতিক অনুসন্ধানকারী দলগুলো টানা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সময় যত গড়াচ্ছে, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনাও তত কমে আসছে।

 

এক মিনিটেরও কম ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৮ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত করে। বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনাকে ‘সিসমিক ডাবলেট’ হিসেবে বর্ণনা করছেন।

 

ভূমিকম্প দুটি ছিল অগভীর, ফলে ভূকম্পনের শক্তি সরাসরি ভূমির কাছাকাছি এলাকায় আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। বিশেষ করে রাজধানী কারাকাস, উপকূলীয় লা গুয়াইরা এবং আশপাশের অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ভবন ধস, হাসপাতাল ক্ষতিগ্রস্ত, শহরজুড়ে ধ্বংসস্তূপ

সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অন্তত ৩৮৩টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি হাসপাতাল, ২৫টি শপিং সেন্টার এবং এক হাজারেরও বেশি অবকাঠামো আংশিক বা পুরোপুরি ধসে পড়েছে। বহু আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

 

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে কয়েকটি বহুতল ভবন ‘প্যানকেক কলাপ্সে’ পরিণত হয়েছে, অর্থাৎ পুরো ভবন একসঙ্গে ধসে পড়ে মাটির সঙ্গে মিশে গেছে। স্থানীয় বাসিন্দারা নিজেরাই হাতে খুঁড়ে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজছেন।

 

রাজধানী কারাকাসেও আতঙ্ক

ভূমিকম্পের তীব্রতা রাজধানী কারাকাসজুড়েও অনুভূত হয়। বহু মানুষ আতঙ্কিত হয়ে ভবন থেকে রাস্তায় নেমে আসেন। অনেক বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে, কাচ ভেঙে পড়েছে এবং কয়েকটি পুরোনো ভবন ধসে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কম্পন এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূরেও ভবনগুলো দুলতে দেখা যায়।

 

ধ্বংসস্তূপে এখনো নিখোঁজ হাজারো মানুষ

বিভিন্ন বেসরকারি অনুসন্ধান প্ল্যাটফর্ম এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, ৫০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই সংখ্যা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। জর্জ রদ্রিগেজ বলেছেন, প্রতিটি উদ্ধার হওয়া মানুষই এখন একটি ‘অলৌকিক ঘটনা’।

 

উদ্ধারকাজে সেনাবাহিনী ও আন্তর্জাতিক সহায়তা

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। উদ্ধার কার্যক্রম, নিরাপত্তা এবং ত্রাণ বিতরণে হাজার হাজার নিরাপত্তা সদস্য অংশ নিচ্ছেন। ভারী যন্ত্রপাতি, ড্রোন, অনুসন্ধানী কুকুর এবং বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। এদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, স্পেন, মেক্সিকো, এল সালভাদর, ব্রাজিল, ফ্রান্সসহ অন্তত ১৭টি দেশ সহায়তার হাত বাড়িয়েছে। বিদেশি উদ্ধারকারী দল ইতোমধ্যে ভেনেজুয়ায় পৌঁছাতে শুরু করেছে।

 

হাসপাতালগুলো চরম সংকটে

দেশটির স্বাস্থ্যব্যবস্থা আগে থেকেই অর্থনৈতিক সংকটে ভুগছিল। ভূমিকম্পের পর অনেক হাসপাতাল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মানবিক সংকট দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে এবং অনেক এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

 

শতাধিক আফটারশক

ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রায় ১৯০টির বেশি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ভবনগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং উদ্ধারকর্মীদের কাজও কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েকদিন আরও পরাঘাত হতে পারে।

 

ভেনেজুয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্যোগ

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, এটি গত এক শতাব্দীর মধ্যে ভেনেজুয়ার সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি। ১৯০০ সালের পর এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটির ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি এলাকায় বসবাস করেন। ফলে ভবিষ্যতেও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি থেকে যাচ্ছে।

 

বর্তমানে উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা প্রতিটি ঘণ্টার সঙ্গে কমে আসছে। তবুও পরিবারগুলো এখনো অপেক্ষা করছে-হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে।


সম্পর্কিত নিউজ