ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১ হাজার ৯৪৩, ধ্বংসস্তূপে বাড়ছে দুর্গন্ধ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১ হাজার ৯৪৩, ধ্বংসস্তূপে বাড়ছে দুর্গন্ধ
ছবির ক্যাপশান, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১ হাজার ৯৪৩, ধ্বংসস্তূপে বাড়ছে দুর্গন্ধ

ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা দিনরাত কাজ চালিয়ে গেলেও বহু এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি।

মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় ৫৯ হাজার ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কারাকাস এবং উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

 

গত সপ্তাহে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। প্রথমদিকে হতাহতের সংখ্যা কম হলেও ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভবন ধসে পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। সময়ের সঙ্গে সেই দুর্গন্ধ আরও তীব্র হয়েছে। অনেক পরিবার এখনও নিখোঁজ স্বজনদের খোঁজে বিধ্বস্ত ভবনের পাশে অপেক্ষা করছেন।

 

কারাকাসের বাসিন্দা মিরেল্লা হেরেরা নিখোঁজ ছেলের সন্ধানে ধ্বংসস্তূপের পাশে অবস্থান করছেন। তিনি বলেন, “এই অপেক্ষা পাগল হয়ে যাওয়ার মতো। আমি শুধু ভাবছি, যদি তারা এখনও বেঁচে থাকে, তাহলে হয়তো বেরিয়ে আসার চেষ্টা করছে।”

 

এদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা ইউরোপীয় মহাকাশ সংস্থার সেনটিনেল-১ স্যাটেলাইটের রাডার তথ্য বিশ্লেষণ করে এই মূল্যায়ন দিয়েছেন। তবে এটিকে প্রাথমিক হিসাব বলে উল্লেখ করা হয়েছে।

 

উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা করছে। মঙ্গলবার কারাকাসে ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে, যা উদ্ধারকর্মীদের নতুন আশা জুগিয়েছে।

 

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। সংস্থাটি প্রাথমিকভাবে ৫ কোটি ডলার সহায়তার আহ্বান জানিয়েছে।
 


সম্পর্কিত নিউজ