মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
ছবির ক্যাপশান, মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২

মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিনটি লরির সংঘর্ষে এক বাংলাদেশিসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) ভোরে জোহর অঙ্গরাজ্যের কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯.৪ কিলোমিটার পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৫৬ বছর বয়সী বাংলাদেশি হেলপার এবং অন্যজন ৪৩ বছর বয়সী মালয়েশিয়ান লরি চালক। দুর্ঘটনার সময় তারা রাস্তার বাম পাশে একটি লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।

 

কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, ভোরের দিকে একই দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাংলাদেশি হেলপার ও মালয়েশিয়ান চালকের মৃত্যু হয়।

 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত দ্বিতীয় লরিটির চালক ও তার সহকারী আহত হয়েছেন। উদ্ধারকারীরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা কুলাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এদিকে দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা তৃতীয় লরিটির চালক কোনো ধরনের আঘাত পাননি বলে জানিয়েছে পুলিশ।

 

দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।


সম্পর্কিত নিউজ