{{ news.section.title }}
হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: বাকের গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না এবং আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, ‘হরমুজ প্রণালি আর যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থাপনাতেই পরিচালিত হবে।’
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অবসান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।
গালিবাফ বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা, লেবাননের পরিস্থিতি, ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, সামরিক সাফল্যকে দীর্ঘমেয়াদি ও কার্যকর করতে কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য রাজনৈতিক ও আইনগত স্বীকৃতি না পেলে তার পূর্ণ সুফল পাওয়া যায় না।
তার ভাষায়, আলোচনা ও কূটনৈতিক দরকষাকষিও সংগ্রামের একটি অংশ। তাই সামরিক ও কূটনৈতিক কার্যক্রমকে একে অপরের বিপরীত হিসেবে দেখার সুযোগ নেই।
গালিবাফ দাবি করেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠক থেকে ইরান গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছে এবং এর প্রভাব ভবিষ্যতে আঞ্চলিক রাজনীতিতেও পড়বে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এই প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা ও উত্তেজনা বিদ্যমান।