{{ news.section.title }}
ইউরোপে আগুনঝরা গরম, ফ্রান্সে প্রাণ গেল ১৮ জনের
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি গাড়ির ভেতরে রেখে যাওয়া দুই শিশুর মৃত্যুর ঘটনাও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার (২৩ জুন) ইউরোপের বিভিন্ন দেশে রেকর্ড ভাঙা তাপমাত্রার মধ্যেই এসব মৃত্যুর খবর সামনে আসে।
ফ্রান্স, স্পেন, ইতালি ও যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক এলাকায় স্কুলের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।
ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় বিখ্যাত ওয়াইন উৎপাদনকারী শহর বোর্দোতে তাপমাত্রা পৌঁছেছে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এটি গত আগস্টের রেকর্ড অতিক্রম করেছে। মধ্য ফ্রান্সের পোয়তিয়ে শহরে পারদ ওঠে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা ১৯৪৭ সালের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছে।
স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সান সেবাস্তিয়ানেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এলাকাটি সাধারণত তুলনামূলক শীতল হিসেবে পরিচিত। ফলে অস্বাভাবিক এই গরমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে।
ফ্রান্সে তাপপ্রবাহের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে দক্ষিণ-পূর্বাঞ্চলের কার্পন্ত্রা শহরে। সেখানে দুই ও চার বছর বয়সি দুই শিশুকে পরিবারের গাড়ির ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের মা বাড়ির বাইরে পার্ক করা গাড়িতে তাদের খুঁজে পান।
এদিকে বোর্দো অঞ্চলে তাপপ্রবাহজনিত স্বাস্থ্য জটিলতায় ৮০ থেকে ৯৫ বছর বয়সি অন্তত তিন প্রবীণের মৃত্যু হয়েছে। বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ফ্রান্সের সিভিল সেফটি সার্ভিসের মুখপাত্র জেরোম বুলাঞ্জার জনগণকে শুধুমাত্র নির্ধারিত ও তত্ত্বাবধানযুক্ত স্থানে সাঁতার কাটার আহ্বান জানিয়েছেন। গত দুই দিনে দেশটিতে ১৩ জনের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। অতিরিক্ত গরম থেকে স্বস্তি পেতে নদী, হ্রদ ও সমুদ্রে নামার প্রবণতা বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনা বাড়ছে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের জলবায়ু গবেষক ক্লেয়ার বার্নস বলেন, সাহারা মরুভূমি ও উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ু ইউরোপে প্রবাহিত হওয়ার কারণে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনও এ ধরনের তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলছে।
যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে দক্ষিণ ও মধ্য ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু অংশে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। এমনটি হলে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যাবে।