{{ news.section.title }}
পাকিস্তানে লস্কর কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি গুলিতে নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
শেখ ইউসুফ আফ্রিদিকে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হচ্ছে। তিনি খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সংগঠনটির কার্যক্রমের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে পরিচিত ছিলেন।
তদন্ত সংশ্লিষ্টরা ঘটনাটিকে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।
এর আগে পাকিস্তানে লস্কর-ই-তৈয়বার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য অজ্ঞাত বন্দুকধারীদের হামলার শিকার হন। গত মাসে লাহোরে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপর হামলা হয়। তবে তিনি প্রাণে বেঁচে যান।
এছাড়া গত বছর লস্কর-ই-তৈয়বার আরেক শীর্ষ সদস্য আবু কাতাল ওরফে কাতাল সিন্ধি পাকিস্তানের জেলাম অঞ্চলে গুলিতে নিহত হন। তাকেও হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছিল।
পাকিস্তানে নিষিদ্ধ সংগঠনগুলোর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।