বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু
ছবির ক্যাপশান, ডিজেলে ডুবে শিশুর মৃত্যু | ছবি: সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন বছরের এক শিশু। বাড়ির বারান্দায় খেলতে গিয়ে অর্ধেক কাটা একটি ড্রামে জমা রাখা ডিজেলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২২ এপ্রিল) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফ প্রামাণিক (৩)। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় খেলছিল সে।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আরাফের বাবা আশিকুর রহমান বাবু প্রামাণিক পেশায় ট্রাক মালিক। ট্রাকের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য তিনি বাড়ির বারান্দায় একটি অর্ধকাটা ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল মজুত করে রেখেছিলেন। খেলতে খেলতে একপর্যায়ে অসাবধানতাবশত ওই ড্রামের ভেতরে পড়ে যায় ছোট্ট আরাফ।

 

কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ড্রামের ভেতর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। রাতভর চিকিৎসা দেওয়ার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান একরামুল জানান, বুধবার সকালে শিশুটির মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, আরাফ ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। হঠাৎ এই মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। 

 

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।

 


সম্পর্কিত নিউজ