চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ কিউচি

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে অকটেনবাহী জাহাজ কিউচি
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে আনা ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কিউচি’ পৌঁছেছে চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে। এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভেড়ে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

 

এর আগে চলতি মাসের ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে আসে। সব মিলিয়ে এপ্রিল মাসে প্রায় ৭৯ হাজার টন অকটেন দেশে এসেছে। দৈনিক গড়ে ১২০০ টন চাহিদা হিসেবে এই পরিমাণ জ্বালানি দিয়ে দুই মাসেরও বেশি সময় সরবরাহ সচল রাখা সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি রয়েছে মাত্র তিনটি। ফলে সব জাহাজকে একসঙ্গে জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণেও কার্গো খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, এসব জাহাজ থেকে পর্যায়ক্রমে জ্বালানি খালাস সম্পন্ন হলে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।


সম্পর্কিত নিউজ