{{ news.section.title }}
দেশের আকাশে হঠাৎ আগুনের গোলা, রহস্য ঘিরে কৌতূহল
নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ উল্কাপিণ্ডসদৃশ আগুনের একটি গোলা দেখা গেছে। দ্রুতগতিতে নিচের দিকে নেমে আসা রহস্যময় বস্তুটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
সোমবার, ২৭ এপ্রিল বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকা থেকে আগুনের গোলাটি দেখা যায়। এ সময় ঘটনাটি একজন মুঠোফোনে ধারণ করেন। পরে ২৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে দ্রুতগতিতে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু নিচের দিকে নেমে আসছে। এর পেছন থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। কিছুটা নিচে নামার পর বস্তুটির পাশে একটি ঘুড়ি উড়তেও দেখা যায়।
একপর্যায়ে আগুনের গোলাটি হঠাৎ নিভে যায় এবং ধোঁয়াও মিলিয়ে যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে।
অনেকে এটিকে উল্কাপিণ্ড বলে মন্তব্য করেছেন। তবে বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা এখনো বস্তুটির প্রকৃতি নিশ্চিত করেনি। তাই এটি উল্কাপিণ্ড, ফ্লেয়ার বা অন্য কোনো বস্তু, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কেউ কেউ ধারণা করছেন, এটি ফ্লেয়ার গান থেকে ছোড়া কোনো আলোক সংকেত বা দাহ্য বস্তু হতে পারে। আবার কারও মতে, এটি বায়ুমণ্ডলে প্রবেশ করা কোনো ছোট মহাজাগতিক বস্তুও হতে পারে।