ঝিনাইদহ সীমান্তে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের, ১১ দিন পর মিলল পরিচয়

ঝিনাইদহ সীমান্তে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের, ১১ দিন পর মিলল পরিচয়
ছবির ক্যাপশান, ঝিনাইদহে ভারতীয় সীমান্তে উদ্ধার হওয়া সেই লাশটি আফগান নাগরিকের

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকায় ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে ১১ দিন পর। পুলিশ জানিয়েছে, লাশটি আফগানিস্তানের নাগরিক হাশমত মোহাম্মাদির।

শুক্রবার, ২৪ এপ্রিল বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। তিনি জানান, নিহত ব্যক্তির পরিবার থানায় এসে মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিজিবি ক্যাম্প ও থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

 

প্রথমদিকে আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরে নিয়ম অনুযায়ী মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

 

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে নিহতের যুক্তরাষ্ট্রপ্রবাসী ভাই মোহাম্মদ ইরা পরিবারের সদস্য হিসেবে তাকে শনাক্ত করেন। এরপর তিনি বাংলাদেশের কয়েকজনের সহায়তায় মহেশপুর থানার সঙ্গে যোগাযোগ করেন।

 

পরিবারের দাবি, হাশমত সর্বশেষ ইতালিতে বসবাস করতেন এবং ভারত যাতায়াত করতেন। সম্প্রতি তিনি সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। সেই সময়ই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

নিহতের ভাইয়ের ভাষ্য অনুযায়ী, শেষবার ফোনে হাশমত জানিয়েছিলেন, একটি নদী পার হলেই তারা বাংলাদেশে প্রবেশ করবেন। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

 

মহেশপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই টিপু সুলতান বলেন, মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির সঙ্গে থাকা কথিত সহযোগী মাসুদ নামে একজনের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে।


 


সম্পর্কিত নিউজ