নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার, গাঁজাসহ চালক আটক

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ল প্রাইভেটকার, গাঁজাসহ চালক আটক
ছবির ক্যাপশান, মেহেরপুর সদরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে দুর্ঘটনা ঘটেছে

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক বহনকারী একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে ঘরের দেয়াল ভেঙে গৃহকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার, ২৯ এপ্রিল ভোর ৫টার দিকে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেয়ালে ধাক্কা দেয়। এতে ঘরের ইটের দেয়াল ভেঙে যায় এবং গৃহকর্তা আরশাদ আলী আহত হন।

 

দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় উল্টে থাকা গাড়ির ভেতরে গাঁজা দেখতে পেয়ে স্থানীয়রা অনিক হোসেন বিপ্লবকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

 

পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে মাদক বহন করে দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

মেহেরপুর সদর থানার ওসি তদন্ত শিমুল দাস বলেন, ঘটনাস্থল থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 


সম্পর্কিত নিউজ