{{ news.section.title }}
পাম্পে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি গাড়িতে জ্বালানি তেল নিতে গিয়ে এক পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার, ২৬ এপ্রিল দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকার মেসার্স রায়হান পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মো. শওকত আলী নাচোল থানায় ড্রাইভার হিসেবে কর্মরত। তিনি সরকারি গাড়ির জন্য তেল নিতে ওই পাম্পে যান।
অভিযুক্ত মোহাম্মদ রায়হান আলী গোমস্তাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের মালিক রায়হান আলীর সঙ্গে পুলিশ সদস্য শওকত আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান আলী উত্তেজিত হয়ে তাকে গালিগালাজ করেন।
অভিযোগ রয়েছে, শওকত আলী নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পরও রায়হান আলী তাকে ঘুষি মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে শওকত আলীর ডান হাতের কনুইয়ের ওপর আঘাত লাগে এবং স্থানটি ফুলে যায়।
ঘটনার সময় পাম্পে থাকা রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ইকবালসহ অন্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার খবর পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মামলা হলে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।