২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
ছবির ক্যাপশান, ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৬ শিশুর শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৯৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২০৭ জনে।

 

একই সময়ে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭১০ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের এই ধারাবাহিক বৃদ্ধি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৯ জনে।

 

অন্যদিকে, একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

হাসপাতালগুলোতেও রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মোট ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।

 


সম্পর্কিত নিউজ