{{ news.section.title }}
হাম ও উপসর্গে এক দিনেই আক্রান্ত হাজার ছাড়াল, আরও ৫ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জন শিশু আক্রান্ত হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে আরও ৯৬৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। ফলে একদিনেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ১১৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্ত শিশুদের মধ্যে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২ জন। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ জন শিশু।
গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতিও উদ্বেগজনক। এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩১ জন শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
একই সময়ে সারাদেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে পরীক্ষাগারে ১২ হাজার ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত সাড়ে তিন মাসে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়ে মোট ৮৬ হাজার ৪১১ জন শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৫৯ জন।