হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
ছবির ক্যাপশান, ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম অথবা হামের উপসর্গ শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৩ জনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের কারণে হয়েছে। বাকি ৬৩১ শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

 

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯০২ শিশুকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ শিশু।

 

গত সাড়ে তিন মাসের চিত্র আরও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১২ হাজার ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

 

এ সময় আক্রান্ত ও উপসর্গ থাকা মিলিয়ে মোট ৮৬ হাজার ৪১১ শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৫৯ জন।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো শিশুদের হামের টিকা নিশ্চিত না করা গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে হামের জটিলতা এবং মৃত্যুঝুঁকি তুলনামূলক বেশি। তাই শিশুর শরীরে জ্বর, শরীরে লালচে র‍্যাশ, কাশি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

স্বাস্থ্য অধিদপ্তরও অভিভাবকদের প্রতি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে ঘরে রেখে চিকিৎসা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।


সম্পর্কিত নিউজ